৩ মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদক : বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আজ রাজধানীর জাতীয় প্রেসক্লাব-এর সামনে মানববন্ধন ও আলোচনা সভা আয়োজন করেছে জাতীয় সাংবাদিক সংস্থা। কর্মসূচিতে সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন অঙ্গসংগঠনের সিনিয়র নেতারা অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, গণমাধ্যম একটি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ১৯৯১ সালে নামিবিয়া-এর উইন্ডহুকে গৃহীত উইন্ডহুক ঘোষণা-এর আলোকে জাতিসংঘ সাধারণ পরিষদ ১৯৯৩ সালে ৩ মে-কে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস হিসেবে ঘোষণা করে। সেই ধারাবাহিকতায় প্রতিবছর দিবসটি পালিত হয়ে আসছে।
আজকের কর্মসূচিতে সংস্থার নীতি নির্ধারণ পরিষদের সভাপতি মোহাম্মদ জামাল হোসেন এর সভাপতিত্বে এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব মোঃ আলমগীর গনী এর সঞ্চালনা উপস্থিত ছিলেন নীতি নির্ধারণ পরিষদের সদস্য সচিব মুহাম্মদ মনজুর হোসেন, প্রতিষ্ঠাতা সদস্য ও নির্বাহী-সভাপতি মোঃ শাহজাহান মোল্লা, সহ-সভাপতি আতিকুল ইসলাম, সাংগঠনিক সচিব মোঃ মেহেদী হাসান, মোঃ ফয়জুল করিব, প্রচার ও প্রকাশনা সচিব এম হোসাইন আহমদ, ক্রিয়া ও সাংস্কৃতিক সচিব আলহাজ্ব আমির হোসেন, ঢাকা বিভাগীয় সভাপতি মোহাম্মদ আনিসুর রহমান প্রধান ও ঢাকা জেলা দক্ষিণ সভাপতি এস এম মহসিন উদ্দিন সহ কেন্দ্রীয় ও ঢাকা জেলা এবং মহানগর কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, একটি গণতান্ত্রিক সমাজে স্বাধীন ও নিরপেক্ষ গণমাধ্যম অত্যন্ত জরুরি। গণমাধ্যম সত্য তুলে ধরে, দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয় এবং জনগণের অধিকার রক্ষায় কাজ করে। কিন্তু বাস্তবতায় অনেক সময় সাংবাদিকরা নানাভাবে নির্যাতন, হয়রানি ও প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন, যা গণমাধ্যমের স্বাধীনতার জন্য বড় হুমকি।
বক্তারা আরও বলেন, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা, নিরপেক্ষভাবে সংবাদ পরিবেশনের পরিবেশ তৈরি করা এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সকল মহলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান, যেন সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা হয় এবং তাদের দায়িত্ব পালনে কোনো ধরনের বাধা সৃষ্টি না হয়।
আলোচনা সভায় অংশগ্রহণকারীরা সাংবাদিকদের পেশাগত নীতিমালা, দায়িত্ববোধ ও বস্তুনিষ্ঠতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তারা গণমাধ্যমের অপব্যবহার রোধ এবং সত্যনিষ্ঠ সাংবাদিকতা চর্চার আহ্বান জানান।
শেষে মানববন্ধন থেকে একটি শক্ত বার্তা দেওয়া হয়—সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থেকে গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
মোঃ হারিসুর রহমান
সম্পাদক ও প্রকাশক
01824404444